ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচিত সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচিত সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
×

ছবি: সমকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২৩:০৭

গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচিত সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়িত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক পথে হাঁটার সুযোগ তৈরি হয়েছে। এ গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও গণতন্ত্র, মৌলিক অধিকার ও ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবি ছিল। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে এবং আবারও গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এক মাস, এক বছর কিংবা পাঁচ বছরে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয় না। বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ পথপরিক্রমার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘১৭ বছর ফ্যাসিবাদের আমলে থাকার পর ছয় মাস না যেতেই আমরা এক দফার কথা শুনতে পাচ্ছি, সরকারকে ফেলে দেওয়ার কথা শুনতে পাচ্ছি। এটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য সুখকর বক্তব্য নয়। একটি বিষয়ে আমাদের একমত থাকতে হবে—নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিবর্তিত হবে।’ 

সরকারের সমালোচনা করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার—এ কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, সমালোচনা হতেই পারে। তবে সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এ সময় তিনি বিরোধী দলকে সংযম ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে অতীতে দেশে ফ্যাসিবাদী শাসনের যে অভিজ্ঞতা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

আরও পড়ুন

×