বে অব বেঙ্গল কনভারসেশন
আইনের সমান সুরক্ষা না মিললে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কমে: দেবপ্রিয়
ছবি: বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজকদের সৌজন্যে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২৩:২৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ২৩:২৮
নাগরিকরা আইনের সমান সুরক্ষা না পেলে এবং আইনের শাসন কার্যকর না হলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কমে যায় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘গণতন্ত্রের বৈধতা, আইনের শাসন এবং নাগরিকদের জন্য রাষ্ট্রীয় সেবার মান—এই তিনটি বিষয়ই জনগণের আস্থা তৈরির সঙ্গে সরাসরি সম্পর্কিত।’
রোববার রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন: রিবিল্ডিং ট্রাস্ট ইন অ্যান এইজ অব পোলারাইজেশন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের প্রসঙ্গ তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থা সরকারের বৈধতা তৈরি করে। কিন্তু জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন না হলে এবং নির্বাচনী অনিয়ম হলে সেই বৈধতা প্রশ্নের মুখে পড়ে। এর প্রভাব পড়ে জনগণের আস্থার ওপরও। রাষ্ট্রের প্রতি আস্থা তৈরিতে শুধু নির্বাচন যথেষ্ট নয়, আইনের শাসনও এর অন্যতম ভিত্তি।’
তিনি আরও বলেন, ‘নাগরিকরা যদি মনে করেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না, তাহলে রাষ্ট্রের ওপর তাদের বিশ্বাস নষ্ট হয়। আইনের শাসন মানে শুধু আইন থাকা বা আইন প্রয়োগ করা নয়। নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে সমান আচরণ ও সুরক্ষা পাচ্ছেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কাছে কেউ বেশি, কেউ কম সুরক্ষা পেলে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়।’
রাষ্ট্রীয় সেবার মানকেও জনগণের আস্থার সঙ্গে যুক্ত করেন সিপিডির এই ফেলো। তিনি বলেন, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশের মতো মৌলিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব সেবা যথাযথভাবে দিতে ব্যর্থ হলে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আস্থা শুধু রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের বিষয় নয়; সমাজ ও অর্থনীতির অগ্রগতির জন্যও এটি জরুরি। মানুষের মধ্যে পারস্পরিক আস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস না থাকলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিও বাধাগ্রস্ত হয়।’
বিশ্বব্যাপী আস্থার সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ বাড়ছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থাও কমছে। এর প্রভাব পড়ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাও এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বে আইনের শাসন, শান্তি, সরবরাহব্যবস্থা, বৈশ্বিক জনসেবা ও আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো বদলে যাচ্ছে।’
ভবিষ্যৎ বৈশ্বিক ব্যবস্থায় পুরোনো ও নতুন শক্তিগুলোর সম্পর্ক কীভাবে তৈরি হবে, ক্ষমতার ভারসাম্য কীভাবে বদলাবে এবং বহুপাক্ষিক সহযোগিতা কোন পথে এগোবে—এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় বলেন, এ পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ ও নেপালের মতো দেশগুলোর ভবিষ্যৎও জড়িত। নতুন বৈশ্বিক ব্যবস্থা কীভাবে গড়ে উঠবে, তার ওপর এসব দেশের অর্থনৈতিক অগ্রগতি, আন্তর্জাতিক অবস্থান এবং উন্নয়নের সুযোগ অনেকটাই নির্ভর করবে।
- বিষয় :
- দেবপ্রিয় ভট্টাচার্য