ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিমানবন্দরের যাত্রী হয়রানির অভিযোগ সত্য নয়: বিমানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিমানবন্দরের যাত্রী হয়রানির অভিযোগ সত্য নয়: বিমানমন্ত্রী
×

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি: শহিদুল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে যাত্রী হয়রানিসহ যেসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বর্তমানে বিমানবন্দরে ট্রলি সংকট নেই এবং যাত্রী হয়রানিও নেই।

সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘদিনের পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

এ সময় মন্ত্রী আরও বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহেতু দীর্ঘদিন এ প্রবণতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না।

লাগেজ কাটার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দু-একটি ঘটনা যদি ঘটে থাকে, সেগুলো অ্যাড্রেস করব।

বিমানবন্দর দিয়ে স্বর্ণপাচার এবং বিমানের কর্মচারীদের আটক হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, এটা গুড নিউজ যে আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো। স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে, তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাদের ধরছি এবং আইনের আওতায় নিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

×