ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন
×

এম গাজিউল হক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:৫২ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৬:৩৫

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

এমজিএইচ গ্রুপের এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৪ সালে জন্ম নেওয়া এম গাজিউল হক স্বাধীনতার আগে দেশের ব্যবসা ও নৌপরিবহন খাতে কর্মজীবন শুরু করা একটি প্রজন্মের ব্যবসায়ী ছিলেন। পরে তিনি বাংলাদেশের নৌপরিবহন অবকাঠামো বিকাশে ভূমিকা রাখেন এবং স্থানীয় ব্যবসা ও আন্তর্জাতিক কোম্পানির মধ্যে অংশীদারত্ব গড়ে তুলতে কাজ করেন।

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। একই বছর ব্রিটিশ কোম্পানি বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৭৬ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। তখন প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচালিত হতো।

১৯৮০ সালে ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন গাজিউল হক। চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন কোম্পানি অ্যাকোয়ামেরিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন তিনি।

এর এক দশক পর তার অংশীদারের সঙ্গে মিলে কোপেনহেগেনভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান মারস্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মারস্ক বাংলাদেশ লিমিটেড গঠন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। নৌপরিবহনের পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব ও যৌথ উদ্যোগসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল।

ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এম গাজিউল হক। ১৯৯৩ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন তিনি। এরপর দীর্ঘ সময় ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি।

এমজিএইচ গ্রুপের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর থেকে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশভিত্তিক একটি ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়।

বর্তমানে ২৬টি দেশে এমজিএইচ গ্রুপের কার্যক্রম রয়েছে এবং এতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ কাজ করেন। লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন ও বিমাসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে গ্রুপটির। দীর্ঘ ব্যবসায়িক জীবনে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এম গাজিউল হক।
 

আরও পড়ুন

×