ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০১:৪১

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম (বিশেষ) বিসিএসের প্রজ্ঞাপন জারি হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত বুধবার ৪৯তম বিশেষ বিসিএসে (শিক্ষা) পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত বুধবার প্রকাশিত ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত প্রজ্ঞাপনে পিএসসির সুপারিশ করা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নাম প্রকাশ করা হয়। অর্থাৎ ৫৭ জন বাদ পড়েন। তবে তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় অংশ নেননি। এরপর গোয়েন্দা যাচাইয়ে নেতিবাচক প্রতিবেদনের কারণে ৪৬ জনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি।

সোমবার তাদের মধ্যে ৪০ জনকে নিয়োগ দিয়ে এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদে এসেছে। তবে প্রকৃত সংখ্যা ৬৬৫। কারণ, তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করা গেলেও চূড়ান্ত পর্যায়ে মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। ওই তিনজন তা জমা দিতে পারেননি। এ ছাড়া আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সব প্রক্রিয়া মিলিয়ে ৬৫৭ জন প্রার্থীর বিষয়টি বিবেচনায় আসে। তাঁদের মধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

নিয়োগবঞ্চিতদের অভিযোগ ছিল, তাদের বেশির ভাগই গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই বা ভেরিফিকেশনের কারণে বাদ পড়েছিলেন। কার বিরুদ্ধে কী অভিযোগ; কেন তাদের নিয়োগ দেওয়া হলো না— এ বিষয়ে তাদের কাছে স্পষ্ট কোনো ব্যাখ্যা ছিল না।

আরও পড়ুন

×