ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘নভেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নভেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
×

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০২:১৬

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’— ভারতীয় সংবাদমাধ্যমের এ তথ্যের সত্যতা রয়েছে কিনা প্রশ্নে জবাব না দিয়ে অট্টহাসি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নাকচ না করে তিনি বলছেন, সফরের দিনক্ষণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজে (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হতে পারে—ভারতীয় সংবাদমাধ্যমের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘গুঞ্জনের ওপর ভিত্তি করে মন্তব্য করতে চাই না। বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘দুদেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।’

শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর হলেই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা করে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে। এক্ষেত্রে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী জানিয়ে হুমায়ুন কবির বলেছেন, তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হওয়ার পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার সমাধান করতে চায়। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে গিয়ে দুই দেশই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ বিষয়ে বাংলাদেশ যেমন সংযম দেখাচ্ছে, ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে বলে জানান হুমায়ুন কবির।

আরও পড়ুন

×