প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে
হুমায়ুন কবির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নাকচ না করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের দিনক্ষণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। দুদেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজে (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর হতে পারে– ভারতীয় সংবাদমাধ্যমের বিষয়ে হুমায়ুন কবির বলেন, গুঞ্জনের ওপর ভিত্তি করে মন্তব্য করতে চাই না। বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে।
শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর হলেই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা করে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হওয়ার পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার সমাধান করতে চায়। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে গিয়ে দুই দেশই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
- বিষয় :
- আলোচনা