ঢামেকে নার্সের, কাফরুলে এসআইর লাশ উদ্ধার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:০৮
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে তন্ময়ী মণ্ডল (২৮) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নার্স ছিলেন। বাড়ি বরিশালের আগৈলঝড়া। থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হোস্টেলে। তিনি অবিবাহিত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বাথরুমের ভেতরে পানির পাইপের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তন্ময়ী মণ্ডলের দেহ ঝুলতে দেখেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। পরে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানা পুলিশ জানায়, মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। লাশটি হাতে কাটা ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশের বিশেষ টিম তাঁর পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানায়, আকাশ নামে এক ব্যক্তির সঙ্গে তন্ময়ীর প্রেমের সম্পর্ক ছিল। আকাশ এক সন্তানসহ পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জে থাকতেন। গত রোববার আকাশ আত্মহত্যা করেন। পরে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে গতকাল সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে সকালে তন্ময়ী হাসপাতালের বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন। পরে মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান সমকালকে বলেন, ওই নারী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
কাফরুলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে কে এম মাহমুদুল হাসান নামে পুলিশের ওই উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাসানটেক থানায় কর্মরত ছিলেন। গতকাল এসব তথ্য জানায় কাফরুল থানা পুলিশ।
মাহমুদুল মিরপুরের ১৩ নম্বর সেকশনে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বাসায় যখন কেউ ছিল না, তখন মাহমুদুল হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
- বিষয় :
- লাশ উদ্ধার