শান্তিপূর্ণ বসবাসের ভাবনায় বসুন্ধরায় উদ্বোধন হলো ‘ভিএইচএল বস্কো লুমিনা’
বসুন্ধরায় উদ্বোধন হলো ‘ভিএইচএল বস্কো লুমিনা’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১২:৪১
আধুনিক সুবিধার সঙ্গে স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ জীবনযাপনের সমন্বয় ঘটাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের (ভিএইচএল) প্রথম অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘ভিএইচএল বস্কো লুমিনা’। সম্প্রতি বসুন্ধরার সেন্ট্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ভিএইচএলের উপদেষ্টা মো. শরিফুল আলম। উপস্থিত ছিলেন ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান এবং পরিচালক শেখ আশেকুর রহমান, রাজিব রায়হান ও আবু আল মোতালেব রাজু। এ ছাড়া দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশিষ্ট অতিথি, ভিএইচএল পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্পটির মডেল উন্মোচন করা হয়। পাশাপাশি ভিডিও উপস্থাপনার মাধ্যমে অতিথিদের সামনে ভবনের নকশা, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
প্রকল্পের পরিচিতি উপস্থাপনায় জানানো হয়, দৈনন্দিন প্রয়োজনের পাশাপাশি স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ বসবাসের বিষয়টি গুরুত্ব দিয়ে বস্কো লুমিনার পরিকল্পনা করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে গল্ফ ক্লাবের কাছে প্রকল্পটির অবস্থান। প্রায় ২ হাজার ১৫০ বর্গফুটের প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি শয়নকক্ষ, তিনটি বাথরুম, গাছ লাগানোর উপযোগী বারান্দা এবং প্রশস্ত ডাইনিং ও লিভিং এরিয়া।
অনুষ্ঠানে মো. শরিফুল আলম বলেন, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নগরজীবনের মান বাড়ায়। বস্কো লুমিনা সেই ভাবনার একটি ভালো উদাহরণ। আগামী দিনগুলোতে ভিস্তানেক্স ঢাকার আধুনিক আবাসিক জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
ভিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান বলেন, আমরা এমন অ্যাপার্টমেন্ট প্রকল্প তৈরি করতে চাই, যেখানে দীর্ঘস্থায়ী নির্মাণ, আধুনিক সুযোগ-সুবিধা ও সবুজ পরিবেশ একসঙ্গে থাকবে। প্রতিটি নির্মাণে গ্রাহকের স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
বস্কো লুমিনার মাধ্যমে নান্দনিকতার সঙ্গে দৈনন্দিন ব্যবহারিক প্রয়োজনকে সমান গুরুত্ব দিয়ে অ্যাপার্টমেন্ট প্রকল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভিএইচএল। প্রকৃতি, আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত সুযোগ-সুবিধার সমন্বয়ে বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যময় ও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ তৈরি করাই এ প্রকল্পের মূল ভাবনা।
- বিষয় :
- বসুন্ধরা আবাসিক এলাকা
- উদ্বোধন
- প্রতিমন্ত্রী