সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ-জিম্মি করে অর্থ লুট, ডিআরইউর নিন্দা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৯:০৭
রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জাতীয় দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ, হত্যার হুমকি এবং তার ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ।
মঙ্গলবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি।
সাংবাদিক কামরুজ্জামান বাবলুর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তার হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ব্যাংক লেনদেন, এটিএম বুথের তথ্য, মোবাইল আর্থিক সেবার লেনদেন, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট সব তথ্য গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনার আহ্বান জানান তারা।
তারা বলেন, কোনো সাংবাদিককে পেশাগত পরিচয় বা মতপ্রকাশের কারণে ভয়ভীতি দেখানো, অপহরণ, জিম্মি কিংবা শারীরিক ক্ষতির হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত তদন্ত ও কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে।
ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।