এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:২৪
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রথমবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের এই উৎসব আমাদের জন্য ‘অগ্নিপরীক্ষা’। ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ডিএমপি সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।
তিনি মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকার পুলিশ প্রধান বলেন, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং মণ্ডপের ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজায় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইমসিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
পূজা উদযাপন পরিষদ নেতাদের উদ্দেশে কমিশনার বলেন, নিজেদের পূজামণ্ডপের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী সবার ওপর নজর রাখতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ওসমান গণিসহ পূজা উদযাপন কমিটির নেতারা।
- বিষয় :
- ডিএমপি কমিশনার