শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা
তিন কার্যদিবসের প্রতিবেদন ৫ মাস পর জমা
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৪১
শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। কমিটি গঠনের ৫ মাস পর আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। যদিও তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দিতে সময় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমকালকে জানান, আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। সঙ্গে সঙ্গেই তা সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
সেখানে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রতিবেদনটি খুলে দেখিনি। সেখানে কতজন সংশ্লিষ্ট ছিল বা আছে কিনা এ ব্যাপারে আমি এখনও কিছুই জানি না।’
তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার সমকালকে জানান, ‘আজই তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে। যেহেতু সেটি সিন্ডিকেটে গেছে সেখানে কার কার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা যায়নি সে ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে পারব না। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরে বিস্তারিত জানানো যাবে।’
গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর মাহবুব কায়সারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে ওই ঘটনায় ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল।
মঙ্গলবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নেতারা। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি বলেন, ‘আমাদের ওপর হামলার প্রায় পাঁচ মাস পর আজ আমরা দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।’