ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত

কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:৩৫

শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

মঙ্গলবার রাতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিষদের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ৪ অক্টোবর থেকে চলমান কর্মসূচি আপাতত স্থগিত থাকছে।

বৈঠকে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও পরিষদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রতিবন্ধী গ্রাজুয়েটদের কর্মসংস্থানের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ নিতে এ কমিটি কাজ করবে বলে জানানো হয়।

আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস অতিক্রান্ত হয়েছে। দাবি বাস্তবায়নে সরকারকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন। পূর্ববর্তী সরকারগুলোকে যেভাবে সময় দেওয়া হয়েছে, বর্তমান সরকারকেও একইভাবে দাবি সমাধানের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

আন্দোলন অব্যাহত থাকলে প্রশাসনিক সহযোগিতা না পাওয়া এবং আন্দোলনকে সরকারবিরোধী হিসেবে উপস্থাপনের আশঙ্কার বিষয়েও পরিষদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।

আলোচনায় পাওয়া আশ্বাস, উদ্ভূত পরিস্থিতি এবং প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম বিবেচনায় নিয়ে আগামী এক মাস আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় পরিষদ।

তবে আন্দোলন প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। আগামী এক মাস যৌথ কমিটির কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণ করবে পরিষদ। এ সময়ের মধ্যে কার্যকর ও সন্তোষজনক অগ্রগতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যথায় এক মাস পর নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন আরও জোরদার করা হবে।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ জানিয়েছে, এক দফা কর্মসংস্থানের দাবি থেকে তারা সরে আসেনি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×