ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাব-রেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের মতো লটারি

সাব-রেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের মতো লটারি
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৩:৩৪

সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য সারাদেশের ‘এ ক্যাটেগরি’র ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট স্টেশনের প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।

গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে ঢাকার পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ ধারণা থেকে উত্তরণে কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। তাই প্রথম ধাপে ঢাকার পোস্টিংয়ের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ধারণায় যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে কোনো বৈষম্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। 

মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে সারাদেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। ‘এ ক্যাটেগরি’র সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গায়ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। 

ঢাকায় লটারিতে নির্বাচিতদের কতদিন রাখা হবে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সার্ভিস রুল অনুযায়ী যতদিন অনুমোদন করবে এবং তারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন, ততদিন তারা সেখানে থাকবেন। তবে দুর্নীতিতে জড়ালে তাদের রাখা হবে না। 

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয় বিষয়টি মনিটর করছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করতে চাই না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

আসাদুজ্জামান বলেন, লটারির উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়; বরং কোনো ধরনের বৈষম্য না করে একটি স্বচ্ছ প্রক্রিয়া শুরু করা। ভবিষ্যতে এ উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করে দুর্নীতি কমাতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রমজান খান, মহাসচিব মাইকেল আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লটারিতে যারা নির্বাচিত

ঢাকার জন্য লটারিতে নির্বাচিতরা হলেন–নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. গোলাম মোর্তজা; সাতক্ষীরা সদরের অমায়িক বাবু; চাঁদপুরের চিতোষীর ফরিদা আক্তার; চুয়াডাঙ্গা সদরের অজয় কুমার সাহা; চট্টগ্রামের সাতকানিয়ার অমিত মঙ্গল চাকমা; কুষ্টিয়া সদরের মো. রাসেল মল্লিক; নরসিংদীর মনোহরদীর গোবিন্দ সাহা; পিরোজপুরের নাজিরপুরের মো. মাসুম; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এস এম আবু মুসা; সাতক্ষীরার শ্যামনগরের নাজনিন জাহান; কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ হানিফ; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মনীষা রায়; চট্টগ্রামের গাছবাড়িয়ার সিং মং থোয়াই; টাঙ্গাইলের গোপালপুরের রাজিব মজুমদার; মুন্সিগঞ্জ সদরের আলী আজগর; মানিকগঞ্জের ঘিওরের শর্মিলা আহমেদ শম্পা; যশোর সদরের আমিনা বেগম এবং চট্টগ্রামের ফটিকছড়ির টিনু চাকমা।

আরও পড়ুন

×