পালানোর মামলায় হাজিরা দিতে এসে আবার পলায়ন
শরিফুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১০:২৯
| প্রিন্ট সংস্করণ
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে আবারও পালিয়েছেন শরিফুল ইসলাম নামে এক আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। এর আগে গত বছর জুনে একটি হত্যা মামলায় হাজিরা দিতে এসে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়েছিলেন তিনি।
এদিকে গতকাল কিশোরগঞ্জের ভৈরব ও বগুড়া সদরে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ছাড়া প্রিজনভ্যান থেকে পালানো আসামি পিচ্চি রাজার বোন ও দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল সমকালকে বলেন, আদালত থেকে পালানোর ঘটনায় শরিফুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা ছিল। সেই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুরে তাঁকে হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে। সেখানে আসামিদের রাখার স্থানে তাঁকে হাতকড়া পরানো অবস্থায় রাখা হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুল আলীম কিছু সময়ের জন্য বারান্দায় যান। তিনি ফিরে আসার আগেই কৌশলে হাতকড়া খুলে বেরিয়ে যান শরিফুল। আদালত কক্ষে অনেক লোকজন ছিল। এই ভিড়ের মধ্যে তিনি পালিয়ে যান। তাকে যে দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পালানোর জন্য তিনি সেটি ব্যবহার করেননি।
উপকমিশনার জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সময়ের একটি চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় শরিফুলের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্তের জন্য পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাসির আহমেদ হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালান শরিফুল। সেদিনই হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা কোতোয়ালি থানায় মামলা করেন। শরিফুলের বাড়ি দিনাজপুরে। পুলিশ জানায়, ২০১৮ সালে খিলগাঁওয়ে কিশোর জিসান হোসেনকে অপহরণ ও হত্যার মামলায় শরিফুলকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। ২০২৫ সালে আদালত থেকে পালানোর পর ওই বছরের ১ অক্টোবর ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি আবার কারাগারে ছিলেন।
ভৈরবে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে আরিয়ান খুলুদ নামে এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে। সোমবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওসির দাবি আসামির পক্ষে আদালতের আদেশ (রি-কল) থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসির দাবিকৃত রি-কলে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ চক্রবর্তীর নাম থাকলেও স্বাক্ষর নেই। এ নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহলের লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়, আরিয়ান খুলুদের বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। সোমবার পর্তুগালের উদ্দেশে রওনা হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভৈরব থানায় দেওয়া হয়।
খুলুদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শৈলী বলেন, ‘আমরা কোর্ট থেকে রি-কল লেটার এনেছি এবং ফোনে যাচাই-বাছাই করেছি, এটি সঠিক আছে। তাঁর বিরুদ্ধে ৪টি মামলা আছে, ৪টিতেই জামিনে আছে।’
বগুড়ায় হত্যা মামলার আসামি ছাড়ায় প্রতিবাদ
বগুড়ায় রাকিবুল হাসান বকুল (৩৯) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি ও তাঁর স্ত্রী পারভীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া প্রতিবাদে উপশহর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বিকেল ৫টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে এই বিক্ষোভ হয়। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গত ৩০ সেপ্টেম্বর নগরীর ঝোপগাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বকুলকে গলা কেটে হত্যা করা হয়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, মুচলেকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
রাজার বোন ও দুই পুলিশ রিমান্ডে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজাকে প্রাইভেটকারে তুলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ আদেশ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা প্রিজনভ্যান থেকে পালিয়ে যান। ২৭ সেপ্টেম্বর রাতে ২৯ আসামিকে নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)
- বিষয় :
- মামলা
- আসামি
- পলাতক আসামি