বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা
ভিন্নমতকে সম্মানের মানসিকতা গড়ে ওঠে বিতর্ক চর্চায়
বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল মঙ্গলবার বিতর্ক শেষে অতিথি ও বিচারকদের সঙ্গে বিতার্কিকরা- সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১০:২৮
| প্রিন্ট সংস্করণ
বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায়। কোনো বিষয়ে একপক্ষীয় সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার পক্ষে-বিপক্ষে যুক্তি খুঁজে দেখা, তথ্য যাচাই করা এবং নিজের মতামত অন্যের সামনে উপস্থাপন করার দক্ষতা তৈরি করে বিতর্ক চর্চা। একই সঙ্গে ভিন্নমতকে সম্মান করার মানসিকতাও গড়ে ওঠে।
গতকাল মঙ্গলবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে এসব কথা বলেন অতিথিরা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন বরিশাল, কুড়িগ্রাম, ফেনী, নড়াইল ও মাদারীপুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলার ৮টি দল অংশ নেয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বরিশালে চ্যাম্পিয়ন বরিশাল জিলা স্কুল
বরিশাল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জিলা স্কুল এবং রানার্সআপ হয়েছে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের নাফিজ নিলয়।
নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশনে মঙ্গলবার দিনভর এ বিতর্ক উৎসব হয়। বেলা আড়াইটায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। সকালে উৎসবের উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশনের সভাপতি ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন।
অংশ নেওয়া দলগুলো হলো– বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনস্টিটিউশন, বরিশাল জিলা স্কুল, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।
কুড়িগ্রামে বর্ডার গার্ড পাবলিক স্কুল সেরা
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং রানার্সআপ হয়েছে রিভার ভিউ হাই স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের শাহরিয়ার হোসেন সেরা বক্তা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক শফি খান, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার প্রমুখ।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলারাম স্কুল অ্যান্ড কলেজ, করিমের খামার উচ্চ বিদ্যালয় ও রাবাইতারি এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়। মোট ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
ফেনীতে চ্যাম্পিয়ন ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের দলনেতা ফারিহা ইবনাত মুন সেরা বক্তা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি ফারুক আহমাদ, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ ও ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়।
বিচারক ছিলেন কৃতী বিতার্কিক সৈকত হোসেন সৌরভ, ডিবেট বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ফেনী ডিবেট ফোরামের সাবেক সভাপতি আবু সুফিয়ান নোমান, ফেনী ডিবেট ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক মো. ফয়সাল।
নড়াইলে সেরা লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়
লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের দলনেতা ফাতিন আহমেদ মিছিল সেরা বক্তা নির্বাচিত হয়েছে।
বিতর্ক উৎসবের প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, আবু বক্কার সিদ্দীকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় চালিতাতলা, কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়।
বিচারক ছিলেন সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, বিএম হোসেন আলী এবং সুনীতি কুমার পাল প্রমুখ।
মাদারীপুরে বিজয়ী মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
জেলা পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আলহাজ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছে রানার্সআপ দলের দলনেতা মো. সাদ্নান হোসেন। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক রূপালী নূর, ওহিদুজ্জামান, কৃতী বিতার্কিক জুঁই ইসলাম ও ইশা আক্তার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনীতিক জামিনুর হোসেন মিঠু এবং চরনাচনা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রাজনীতিক মাওলানা আব্দুস সোবহান খান, শিক্ষক ওয়াহিদুল ইসলাম, সুহৃদ সভাপতি আসাদুজ্জামান সবুজ প্রমুখ।
(সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধির পাঠানো তথ্য)