নারী ক্রীড়াবিদদের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৮:২৯
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া এমপির সভাপতিত্বে বৈঠকে বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে সারাদেশের উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সারাদেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে কমিটি। একই সঙ্গে নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
এদিকে একই দিন সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক শিক্ষা স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালুর সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের চলমান ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি নিশ্চিত না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বিভিন্ন খাতে বরাদ্দ বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয় চালু থাকা অবস্থায় কমিটির সদস্যদের সরেজমিনে বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার আগামী ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের খাতওয়ারি বাজেট, ব্যয় বিভাজন ও ব্যয়পরিকল্পনা তুলে ধরা হয়।
- বিষয় :
- নারী
- ক্রীড়া প্রতিমন্ত্রী