সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন
গিয়াস উদ্দিন রিমন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০১:১৮
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। তাঁকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে গিয়াস উদ্দিন রিমনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গিয়াস উদ্দিন রিমন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে তিনি ‘প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন’ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেন্ট ও এসেক্স পুলিশ কলেজের অধীনে বিএসসি (সম্মান) ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম লিডার ছিলেন। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাতটি পুলিশ বাহিনীর ডিগ্রি হোল্ডার এন্ট্রি প্রোগ্রামের (ডিএইচইপি) একাডেমিক প্রধান ও একাডেমিক সততা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ও ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণা করেছেন তিনি।
গিয়াস উদ্দিন রিমনের কর্মজীবন শুরু সাংবাদিকতা ও পুলিশ সেবার মাধ্যমে। তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তরসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ও তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী