এনসিটি চুক্তি বাতিল ও মিছিলে হামলাকারীদের শাস্তি দাবি ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৯:০৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১৯:০৯
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা জেলা সংসদ। একই সঙ্গে চুক্তির প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
গত ৮ অক্টোবর ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনের সামনে জাতীয় সম্পদ ও কৌশলগত অবকাঠামো রক্ষার দাবিতে আয়োজিত গণবিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন। এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আসিফ জামান, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান আকাশ ও সাবেক ছাত্রনেতা জহর লাল রায় রক্তাক্ত হন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের অত্যন্ত লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী। জাতীয় সম্পদ ও কৌশলগত অবকাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনস্বার্থ, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ছাত্র ইউনিয়ন মনে করে, নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে উদ্বেগ ও প্রতিবাদ তৈরি হয়েছে, তার সমাধান দমন-পীড়নের মাধ্যমে হতে পারে না। এ ক্ষেত্রে গণতান্ত্রিক আলোচনা ও জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।
ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন বলেছে, পুলিশি হামলা কিংবা মামলা-হামলার মাধ্যমে ছাত্রসমাজ ও জনগণের গণতান্ত্রিক প্রতিবাদ দমিয়ে রাখা যাবে না। জাতীয় সম্পদ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সংগঠনটি সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষের পাশে থাকবে।
বিবৃতিতে অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্বাক্ষরিত নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন।