১৩তম গ্রেডে আবেদনের সুযোগ চেয়ে শাহবাগে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ২৩:০৬
এমপিওভুক্ত মাদ্রাসা নীতিমালা-২০২৬ অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকেরা। শুক্রবার সকাল ৯ টায় জাতীয় জাদুঘরের সামনে ‘সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষকেরা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী, আগে নিয়োগ পাওয়া ইবতেদায়ি মৌলভি, ইবতেদায়ি শিক্ষক ও ইবতেদায়ি ক্বারীরা নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় তারা এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এতে অনেক শিক্ষক তাদের ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা।
কর্মসূচির প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সজিব বলেন, ‘অনেক দিন অপেক্ষার পর আমরা রাজপথে নেমেছি। নীতিমালা প্রকাশের পরও আবেদনের সুযোগ না দেওয়া চরম বৈষম্যমূলক। আমরা অবিলম্বে নীতিমালার পূর্ণ বাস্তবায়ন এবং ১৩তম গ্রেডে আবেদনের সব জটিলতা নিরসনের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
কর্মসূচি থেকে দুটি দাবি জানানো হয়। প্রথমত, যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দিতে হবে। এ জন্য দ্রুত এমআইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদেরও মিড-ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা দিতে হবে।
অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে ঐক্য পরিষদের নেতারা বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অবস্থান কর্মসূচি