প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের
মতিঝিলে ক্রীড়া পরিদপ্তরের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ছবি: মামুনুর রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:৪৫
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষার্থীদের খাতা দেওয়া হলেও প্রশ্নপত্র দেওয়ার আগেই পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।
বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন তারা।
পরীক্ষা দিতে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আসা নাজিম উদ্দীন বলেন, প্রায় তিন লাখের বেশি আবেদন করেছে। আমার কেন্দ্র ছিল তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সবাই পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে হলে এই ভোগান্তি হতো না।
পাবনা থেকে আসা রোবায়েত জানান, তার পরীক্ষার কেন্দ্র ছিল মধুবাগের শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজে। পরীক্ষা দিতে এসে জানতে পারেন স্থগিত করা হয়েছে।
_1791618733.jpg)
প্রশ্নফাঁসের পর পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করা আনোয়ার হোসেন সমকালকে বলেন, আমি ময়মনসিংহের নান্দাইল থেকে এসেছি। পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে আমার পরীক্ষা কেন্দ্র ছিল। সেখানে ওএমআর শিট হাতে পাওয়ার অপেক্ষা করছিলাম। হঠাৎ আমাদের বলা হলো, পরীক্ষা স্থগিতের কথা।
তিনি বলেন, এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে প্রশ্ন ফাঁস হয়? এর সঙ্গে অবশ্যই যুব উন্নয়ন কর্মকর্তারা জড়িত। আমরা জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।
কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রাজু আহমেদ বলেন, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছিলাম আমি। ঠিক পরীক্ষা শুরুর সময় আমাদের বলা হয় এই খবর। আমার প্রশ্ন হচ্ছে, দায়িত্বশীলরা কি বুঝতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পরীক্ষা দিতে না পারা কতটা কষ্টের? অনেকেরই বারবার টাকা খরচ করে আসার মতো সামর্থ্য নেই। বেকারদের সঙ্গে এমন আচরণ করার আগে তাদের ভাবা উচিত ছিল। তারা প্রশ্ন ফাঁস ঠেকাতে পারলেন না কেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর কয়েক মুহূর্ত আগে তা স্থগিত করায় তারা ভোগান্তিতে পড়েছেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তারা শুনেছেন। দুপুর দেড়টার দিকে শাহবাগে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।