ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রশ্নপত্র ফাঁস তদন্তে কমিটি, ৩ কার্যদিবসে প্রতিবেদন জমার নির্দেশ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁস তদন্তে কমিটি, ৩ কার্যদিবসে প্রতিবেদন জমার নির্দেশ
×
×

ছবি: মামুনুর রশিদ

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:০২

যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সরকার। শনিবার অনুষ্ঠেয় এ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষার জন্য গঠিত কমিটির সদস্য, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ ও বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি নিতে হবে। পাশাপাশি পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করতে হবে।

তদন্ত শেষে আগামী তিন কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজনে তদন্ত কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
 

আরও পড়ুন

×