ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটি নিয়ে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, ৩০ মিনিট বন্ধ ছিল রানওয়ে 

যান্ত্রিক ত্রুটি নিয়ে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, ৩০ মিনিট বন্ধ ছিল রানওয়ে 
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৮:০২

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। তবে উড়োজাহাজটির নিরাপদ অবতরণের প্রস্তুতির কারণে প্রায় ৩০ মিনিট বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে পাইলট ঢাকার কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

এ পরিস্থিতিতে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। জরুরি অবতরণের আগে জ্বালানি কমিয়ে উড়োজাহাজের ওজন হ্রাসের জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা জানান, ড্যাস-৮ মডেলের উড়োজাহজটির সামনের চাকার হাইড্রোলিক কাজ করছিল না। তাই সেটি খুলছিল না। ফলে বিমান ল্যান্ড করানোর ক্ষেত্রে বিপত্তি দেখা দেয়। উড়োজাহাজটি ১ ঘণ্টা ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে তেল কমিয়ে যখন ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক তার কিছুক্ষণ আগে সামনের চাকা খুলে যায়। পরে নিরাপদে উড়োজাহাজটি ল্যান্ড করে। তিনি আরও জানান, এ ঘটনা ঘিরে বিমানবন্দরে সকল ধরনের আপদকালীন প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।    

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের তাৎক্ষণিক নির্দেশনা এবং বিমানের পাইলট, প্রকৌশলী, গ্রাউন্ড অপারেশনাল কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে পৌঁছেছেন।

ফ্লাইটে বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও পরিচালনাগত মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

আরও পড়ুন

×