ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার
×
×

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১১:২২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১১:২৩

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার সকালে ঢাকায় ফিরেছেন।

স্পিকার ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। স্পিকারের এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন সাঈদ আল নোমান, সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম—সবাই সংসদ সদস্য।

স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

আরও পড়ুন

×