দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা
এমপি গাজী নজরুলের জামিন ফের নাকচ
এমপি গাজী নজরুল ইসলাম
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:৪৩
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের বিতর্কিত এমপি গাজী নজরুল ইসলামের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন চেয়ে বলেন, বাদীর সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দেওয়া হলে বাদীপক্ষের কোনো আপত্তি নেই।
রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবন আবাসিক এলাকার ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং শ্যালক ওবায়দুর রহমান-এই ৩ জনকে আসামি করা হয়। গত ২১ সেপ্টেম্বর এ মামলায় গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পান।