গণহত্যার খবর ঠেকাতে আ.লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল: প্রসিকিউটর তামিম
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২১:০১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ২১:০২
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা সাক্ষ্য দিয়েছেন বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমেদ।
জবানবন্দিতে তিনি জানিয়েছেন, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক ও টেলিফোনিক নির্দেশেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় ইন্টারনেট ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ বা সীমিত করা হয়েছিল। এ সময় আসামি জুনাইদ আহমেদ পলক আদালতে উপস্থিত ছিলেন। সজীব ওয়াজেদ জয় পলাতক। আগামীকাল সোমবার আসামিপক্ষ থেকে জেরা করা হবে।
জবানবন্দি দেওয়ার পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার খবর ছড়িয়ে পড়া ঠেকাতে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
প্রসিকিউটর তামিম বলেন, আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের অন্যতম দু’জন অভিনেতা ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এনেছেন। এর মধ্যে ২০২৪ সালের ১৫ জুলাই এই সাক্ষীকে বাংলাদেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেন তথ্যপ্রতিমন্ত্রী পলক। ১৬ জুলাই আবু সাইদসহ ছয়জন নিহত হওয়ায় বিটিআরসির একটি অনলাইন বৈঠকে অংশ নেন পলক-জয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি আরও বলেন, এনটিএমসির তৎকালীন ডিজি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও বৈঠক করে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেন। এসব বিষয়ে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী। একইসঙ্গে পাঁচটি নথি উপস্থাপন করা হয়। ইন্টারনেট বন্ধ করার অন্যতম উদ্দেশ্য ছিল আন্দোলনে চালানো গণহত্যার খবর যেন দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল জানতে না পারে। আর এ খবর আড়াল করতেই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- ইন্টারনেট