কেরানীগঞ্জের ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, চালু দুই মাসের মধ্যে
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০১:৫১
রাজধানীর যানজট নিরসনে দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় টার্মিনালটির উদ্বোধন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি আশা করছে, টার্মিনালটি চালু হলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচল কমবে। এতে যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সহজ হবে।
- বিষয় :
- কেরানীগঞ্জ
- বাস টার্মিনাল