পারিবারিক কলহের জেরে পাঁচ জেলায় পাঁচজন খুন
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
রাজধানীতে স্ত্রীকে হত্যা করে চার টুকরো করায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর পাশে বসে ধূমপান করছিলেন স্বামী। নোয়াখালী, মেহেরপুর ও বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে আরও তিনজন খুন হয়েছেন। পিরোজপুরের স্বরূপকাঠিতে কৃষকের ও জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিরিন আক্তার (৪২) তিন মাস আগে জর্ডান থেকে দেশে ফিরে স্বামী দুলাল হাওলাদারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন। দুলালের সন্দেহ, তাঁর স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ নিয়ে দুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর জের ধরেই গত রোববার রাতে স্ত্রীকে হত্যা করেন। পরে বঁটি দিয়ে গলা এবং দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে সেগুলো বস্তায় ভরেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসা থেকে মরদেহ উদ্ধার ও দুলালকে আটক করে।
শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর পাশে বসে ধূমপান করছিলেন স্বামী
৯ মাসের অন্তঃসত্ত্বা সীমা রানী দাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভব চন্দ্র দাসের বিরুদ্ধে। গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন উদ্ভব নিজেই। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তাঁকে স্ত্রীর রক্তাক্ত মরদেহের পাশে বসে ধূমপান করতে দেখে। পরে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে।
সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় দুই ছেলে ও দুই মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রীর দিকে মোবাইল ফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। বিষয়টি দেখে প্রতিবাদ করেন হৃদয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আমিন মোবাইল ফোনে খবর দিয়ে তাঁর আরও কয়েক সহযোগীকে ডেকে আনেন। তারা এসে ছুরি দিয়ে হৃদয়কে আঘাত করেন। তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি গ্রেপ্তার
নোয়াখালীতে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি কবরী বেগমকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুল হক বাদী হয়ে গতকাল সুধারাম মডেল থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান।
মেহেরপুরে ছেলের হাঁসুয়ার কোপে বাবা নিহত
মেহেরপুরে হাবেল উদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শাহাবুল ইসলাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। হাবেল উদ্দিন ওই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘুমিয়ে ছিলেন হাবেল উদ্দিন। এ সময় শাহাবুল দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।
বাবুগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার ঐশীকে তাঁর স্বামী ও দেবর বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐশী আক্তার চরসাধুকাঠি গ্রামের শাহ আলমের মেয়ে। পুলিশ নিহতের স্বামী সোহেল খান এবং তাঁর ভাই তানভির খানকে আটক করেছে। তারা উপজেলার ভূতেরদিয়া গ্রামের আব্দুল কাদের খানের ছেলে।
বকশীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে রোজিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে ও ইয়াকুব আলীর স্ত্রী।
স্বরূপকাঠিতে ধানক্ষেতে কৃষকের মরদেহ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার গয়েশকাঠি গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিপুল সিকদার ওই গ্রামের বিনোদ সিকদারের ছেলে। (ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)
- বিষয় :
- খুন