ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান
×
×

ছবি: পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৪:৩৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৪:৫৪

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াই তার বিরুদ্ধে এ ধরনের চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। আমরা নিজেরাও দেশে বসে সেই সমালোচনা করেছি। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও (আজমেরী হক বাঁধন) হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে।

গণমাধ্যমের ফ্রেমিংও নজরদারিতে
জুলাই আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হেনস্তার শিকার হলে কিছু গণমাধ্যমের সংবাদ পরিবেশে এমন ধারণা তৈরি হয়, যেন ভুক্তভোগীরা এ ধরনের আচরণের যোগ্য—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কিছু গণমাধ্যমের সংবাদ উপস্থাপনায় এ ধরনের ফ্রেমিং রয়েছে, যা সরকারের নজরে আছে। এ ধরনের বিষয় পর্যবেক্ষণ করা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ।’

তিনি বলেন, ‘ড. ইউনূসের কর্মকাণ্ডের সমালোচনা কোন পর্যায়ে এবং কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা আইনি সীমার মধ্যে রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গণমাধ্যমসহ প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনা ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। সেই সুযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।’

জাহেদ উর রহমান বলেন, ‘কেউ কোনো ঘটনাকে উদ্ভটভাবে ব্যাখ্যা বা ফ্রেমিং করার চেষ্টা করলে শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যাত হয় বলে আমি মনে করি। এ ধরনের ফ্রেমিং করে খুব বেশি লাভ হয় বলেও আমার মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম বা অন্য কেউ কোনো ক্ষেত্রে আইনি সীমা লঙ্ঘন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন। এ জন্য রাষ্ট্রের বিচার বিভাগ রয়েছে।’

ড. ইউনূসের নিরাপত্তা খতিয়ে দেখবে সরকার
ড. মুহাম্মদ ইউনূসের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, ‘সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, বিদেশে অবস্থানকালে তা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল কি না, সেটিও পর্যালোচনা করা হবে। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা অভিনেত্রীর ঘটনায় ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ 

শেখ হাসিনাকে ফেরাতে প্রস্তুত সরকার
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরুন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার হয়েছে এবং সাজা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও সরকারের কোনো সমস্যা নেই। বরং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার দেশের বিচারব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে চায় সরকার। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোবাস্বেরা কাদেরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×