ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৮তম সভা অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৫:৪৯
দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদের সভা।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেন। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হন।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অভিন্ন কৃষি সমস্যার সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্ক কৃষি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে গতিশীল কৃষিব্যবস্থা, টেকসই কৃষি ব্যবস্থাপনা ও আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। আন্তঃসীমান্ত উদ্ভিদ ও প্রাণীর রোগবালাইসহ অভিন্ন সমস্যাগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম এবং সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার। তিনি সার্ক মহাসচিবের প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন।
ড. মো. আবদুস সালাম জীববৈচিত্র্যের ক্ষয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন কৃষি চ্যালেঞ্জ তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা জোরদার ও স্বল্প-কার্বন নিঃসরণকারী কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। টেকসই কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
তানভীর আহমেদ তরফদার খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপের কথা উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে টেকসই কৃষিচর্চা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারে কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষিপ্রযুক্তি ও উত্তম কৃষিচর্চার আদান-প্রদানের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। টেকসই কৃষি উন্নয়ন এবং সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
- বিষয় :
- সার্ক