ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিরোধী দলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা, না এলেও সংশোধন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা, না এলেও সংশোধন
×
×

সালাহউদ্দিন আহমেদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন এ-সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিরোধী দল অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। 

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। গতকালের বৈঠকে বিশিষ্ট শিক্ষাবিদ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষক সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলকে বারবার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা এখনও প্রতিনিধি দেয়নি। তবে তাদের জন্য আলোচনার পথ খোলা রয়েছে।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় ঐকমত্য না হলে সর্বশেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতির পরিবর্তে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মত দিয়েছেন শিক্ষাবিদ ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে বিচার বিভাগের এখতিয়ার নির্ধারণ, উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে অনেকে লিখিত মতামত দেবেন বলে জানিয়েছেন। তবে বৈঠকে এ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত হয়নি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিকল্পগুলোর মধ্যে সর্বশেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা বাদ দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময়ই ঐকমত্য হয়েছিল। আগের বিকল্পগুলোতে ঐকমত্য না হলে সর্বশেষ বিকল্প হিসেবে বিচার বিভাগের ভূমিকা রাখার বিষয়ে বৈঠকে মত দিয়েছেন শিক্ষাবিদ ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে অংশ না নিলেও বিতর্ক করার একটা সুযোগ থাকবে। আমরা সবসময় আহ্বান জানাব, বিরোধী দল যেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে অংশগ্রহণ করে এবং তাদের মতামত দেয়। তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করলে সেটা জাতি দেখবে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই সনদে সব বিষয় অন্তর্ভুক্ত হয়নি। আমাদের নির্বাচনী ইশতেহার ও জনগণের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় অন্য বিষয়ও সংশোধনী প্রক্রিয়ায় বিবেচনায় নিতে হবে।’
বৈঠকে কমিটির সদস্য হিসেবে আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন এবং মাহমুদুল হক রুবেল অংশ নেন। 

শিক্ষাবিদদের যত প্রস্তাব
বৈঠকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সুনির্দিষ্টকরণ ও বিচার বিভাগের এখতিয়ার নির্ধারণ ছাড়াও জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে মত দেন শিক্ষাবিদ ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা। জাতির প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তারা। 
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মৌলিক অধিকার সুরক্ষায় বৈষম্য বিলোপ এবং সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধন বিষয়েও মতামত দেন শিক্ষাবিদরা। রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন এবং সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বের পদ্ধতি নিয়েও মত দেন তারা। দেশকে চারটি অঞ্চলে ভাগ করে সব অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেন কেউ কেউ। 

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একরামুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক গীতিআরা নাসরিন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক কেএইচ লুৎফুল এলাহী, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ একরামুল হক, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 

জুলাই সনদের বাইরেও গুরুত্বপূর্ণ বিষয় আছে 
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষাবিদ ও শিক্ষকরা সংবিধানের বিভিন্ন অংশে কী কী বিষয় প্রতিফলিত হওয়া দরকার, তা নিয়ে আলোচনা করেছেন।
আগামী ২৪ অক্টোবর দিনব্যাপী বৈঠকে বসবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। 

আরও পড়ুন

×