ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
×
×

হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১১:১৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১১:১৮

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও ১৪ দলীয় জোটের শরিক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে রাষ্ট্রপক্ষ তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করে।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে তাকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে রায়ে বলা হয়, তিনটি সাজা একসঙ্গে চলবে। ফলে তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ১৩ বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায়ও ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

আরও পড়ুন

×