‘আমার সন্তানকে ফিরিয়ে দিন’
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪
| প্রিন্ট সংস্করণ
যশোরের অভয়নগরে মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী ও পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্বজনদের নানা আশঙ্কার মধ্যে নিখোঁজ শিশুদের উদ্ধারে আইনি পদক্ষেপ ও অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর
৮ দিন ধরে সন্ধান নেই জিমের
‘সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। এতদিন হয়ে গেল বাড়ি ফিরছে না, আমি আর সহ্য করতে পারছি না। আমার সন্তানকে ফিরিয়ে দিন’– চোখের পানিতে কথাগুলো বলছিলেন নিখোঁজ শিশু নাফিজ হাসান জিমের (১৩) মা।
জিম যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের দিনমজুর আবুল কাশেম ও মেহজাবিন সুলতানা দম্পতির একমাত্র সন্তান। সে কাদিরপাড়া ইবতেদায়ি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত ৯ অক্টোবর বিকেলে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে জিম নিখোঁজ রয়েছে। ১২ অক্টোবর অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রকে দ্রুত উদ্ধার করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।
বাবার পাশ থেকে গায়েব ১০ মাসের রায়হান
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে নিজ বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রায়হান নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এদিন ভোরে রাসেল খান সন্তান রায়হানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী রুমা বেগম গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ঢুকে সন্তানকে না পেয়ে চিৎকার দেন রুমা। পরে পুকুর সেচ ও মাইকিং করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজ শিশুর মা রুমা বেগম বাদী হয়ে তাঁর বোনজামাই আল-আমিনকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- সন্তান