মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৯:৪৭
| প্রিন্ট সংস্করণ
পেছনের অংশের পাশপাশি মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসাতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ১৫ নভেম্বরের মধ্যে এই ম্যানুয়াল নম্বর প্লেট বসাতে হবে বলে গতকাল শুক্রবার বিএআরটিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর বসানোর পাশাপাশি সম্মুখভাগেও বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
পেছনের নম্বর প্লেট আরএফআইডি হলেও সামনের অংশ সাধারণ প্লেটে করতে হবে। এর আকার ও রঙের বিবরণও দিয়েছে বিআরটিএ। নিজস্ব খরচে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের অংশে নম্বর প্লেট সংযোজনের সময় বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের বেলায় সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর আকার হবে দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থে ১০০ মিলিমিটার। সাদা পটভূমি প্লেটে অক্ষর ও সংখ্যা হবে কালো রঙের বাংলা হরফে। এতে কোনো নকশা বা সাজসজ্জা রাখা যাবে না।
- বিষয় :
- মোটরসাইকেল