আরও এক আইন কর্মকর্তার পদত্যাগ
শিউলি খানম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৭:৩১
ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। আজ শনিবার তিনি পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন। এরপর সেটি সলিসিটর দপ্তরে পাঠানো হয়েছে।
শিউলি খানমের পদত্যাগের আগে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আটজন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। বিষয়টি আইন অঙ্গনে নানা আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী আওয়ামী লীগ ও জামায়াতপন্থি আইনজীবীদেরও বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
এ অভিযোগকে কেন্দ্র করে এক মাস ধরে সুপ্রিম কোর্ট এলাকায় আন্দোলন চলে। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আইন কর্মকর্তা পদে নিয়োগপ্রত্যাশী ছিলেন বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত ১ সেপ্টেম্বর, যখন আন্দোলনকারী আইনজীবী ও দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়।
- বিষয় :
- পদত্যাগ
- অ্যাটর্নি জেনারেল