ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইসিসিএ ২০২৬

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৮:৩৭

রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে উপস্থাপনের জন্য ২১৪টি গবেষণাপত্র নির্বাচিত হয়। এর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের কাজ রয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয়গুলো তুলে ধরা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

পরে ১৬ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী আয়োজনে আয়োজক ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। 

এই সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা আয়োজকদের। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×