ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ
×
×

শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:১০

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে প্রবাসীদের জন্য বড় শিক্ষা হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশিরা যে দেশেই থাকুন না কেন, সে দেশের আইন মেনে চলতে হবে।

শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছ থেকে সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। ঘটনার বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের মাধ্যমে পাওয়া তথ্যের বরাতে শামা ওবায়েদ বলেন, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগ ছিল ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে। সৌদি আইনে এটি গুরুতর অপরাধ। সে দেশের আইন অনুযায়ী আদালত তাদের সাজা দিয়েছেন বলে জানা গেছে।

সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর ঘটনার বিস্তারিত এবং দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানা যাবে বলে জানান প্রতিমন্ত্রী।

সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায়। দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন

×