প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রতিমন্ত্রীর পাহারা দেওয়া সেই পরীক্ষার ফল প্রকাশ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৭:৫২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র তৈরির সময় সচিবালয়ে রাত কাটিয়ে আলোচনায় এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল শনিবার সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত শুক্রবার এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
এ নিয়োগের বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ অক্টোবর। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। ততক্ষণে দূরদূরান্ত থেকে আসা অনেক প্রার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এরপর নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর স্থানও পরিবর্তন করা হয়।
পরের দফায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত বৃহস্পতিবার রাতভর সচিবালয়ে অবস্থান করেন আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারক করেছেন বলে শুক্রবার জানান তিনি।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
- বিষয় :
- প্রতিমন্ত্রী
- ফল প্রকাশ