সচল হচ্ছে তথ্য কমিশন
প্রথমবার নারী প্রধান তথ্য কমিশনার, নিয়োগ পেলেন দুই কমিশনারও
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর আবার সচল হওয়ার পথে তথ্য কমিশন। শূন্য থাকা প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। একই সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে দুই তথ্য কমিশনারকেও। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তথ্য অধিকার আইনের আওতায় নাগরিকদের অভিযোগ নিষ্পত্তি এবং কমিশনের অন্যান্য কার্যক্রম শুরুর পথ খুলছে।
গতকাল শনিবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োগ দিয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নতুন দুই তথ্য কমিশনার হলেন– সাংবাদিক এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
তথ্য কমিশনের যাত্রা শুরুর প্রায় দেড় যুগ পর প্রথমবারের মতো নারী প্রধান তথ্য কমিশনার পেল প্রতিষ্ঠানটি। এর আগে ছয়জন প্রধান তথ্য কমিশনার দায়িত্ব পালন করেছেন। তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আটজন। তাদের মধ্যে চারজন নারী ছিলেন।
অভিযোগ নিষ্পত্তিতে ফিরবে গতি
তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে চাওয়া তথ্য না পেলে বা তথ্য প্রদানে অসংগতির অভিযোগ থাকলে নাগরিকরা তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন। এসব অভিযোগ নিষ্পত্তি, তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরি, প্রশিক্ষণ, প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব কমিশনের। কিন্তু দীর্ঘদিন কমিশন কার্যকরভাবে গঠিত না থাকায় এসব কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নতুন নিয়োগের ফলে এসব কার্যক্রম পুনরায় চালুর সুযোগ তৈরি হবে।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। পরে আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় প্রধান তথ্য কমিশনার ও কমিশনার পদগুলো শূন্য থাকায় কমিশনের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
নতুন প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। একই দেশের ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশনীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমা লাভ করেন।
সংবাদমাধ্যম ও টেলিভিশনে বিএনপিপন্থি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত নাহরিনকে বিভিন্ন সময়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকেও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তাঁর অংশগ্রহণ ছিল।
দুই কমিশনারের পরিচয়
নিয়োগ পাওয়া তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ইউএনবির সাবেক সম্পাদক। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন দৈনিক দিনকালের সহকারী সম্পাদক।
- বিষয় :
- তথ্য কমিশন