ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দর

এআই ক্যামেরায় শনাক্ত হবে লাগেজ সরবরাহের সব চিত্র

এআই ক্যামেরায় শনাক্ত হবে লাগেজ সরবরাহের সব চিত্র
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৩:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের নানা অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে এবং লাগেজ বিষয়ে যাত্রীদের বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাইয়ে এআই ক্যামেরাসহ মনিটর বসানো হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে লাগেজ কাটা, ভাঙা, উড়োজাহাজ থেকে লাগেজ নামানোর সময় ছুড়ে মারা ও কনভেয়ার বেল্টে দেরিতে লাগেজ সরবরাহের কারণসহ বিভিন্ন বিষয় শনাক্ত হবে।

এ ব্যাপারে গতকাল শনিবার বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান সমকালকে জানান, এরই মধ্যে বিমানবন্দর টার্মিনাল ভবনের আগমনী স্পর্শকাতর এলাকায় এসব ক্যামেরা বসানো হয়েছে। ফলে দায়িত্ব পালনে আগের চেয়ে এখন অনেকাংশে সতর্ক কর্মীরা।

তিনি বলেন, এর মধ্যে লাগেজ সরবরাহ কনভেয়ার বেল্ট এলাকায় ১৮টি মনিটর এবং ৩২টি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে কাজের মান বাড়ছে কর্মীদের।

বেবিচকের এই কর্মকর্তা আরও জানান, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই ক্যামেরা বসানো হয়েছে। বিমানবন্দরে লাগেজের গতিবিধি এখন স্বচক্ষে দেখতে পারবেন যাত্রীরা। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মীরা কাজ করার সময় তাদের দেহে থাকছে বডি ক্যামেরা।

সংশ্লিষ্ট বিমানবন্দর সূত্র জানায়, নতুন এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য স্থাপিত মনিটরে সরাসরি (লাইভ) দেখার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

×