কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধানকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে দুদক
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২২:১২
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে দেশে ফিরিয়ে আনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলার আসামি আবদুল হান্নানকে আইনের কাছে সোপর্দ করতে কমিশন এ ব্যাপারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাইবে। রোববার দুদক সচিব সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান।
জানা গেছে, গত ১৫ অক্টোবর তাকে কাতার পুলিশ গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ ইতোমধ্যে দুদকের কাছে আবদুল হান্ননের বিরুদ্ধে করা মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে। যথাসময়ে সেসব তথ্য সরবরাহ করা হবে।
গত শনিবার দুদক আবদুল হান্নানের গ্রেপ্তারের খবর জানতে পেরেছে। আজ কমিশন তার গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখাও কাতার পুলিশের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তারের প্রকৃত তথ্য জানাতে পেরেছে। তিনি বর্তমানে কাতারের দোহায় সেদেশের পুলিশের হেফাজতে আছেন।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আবদুল হান্নানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। গত ২০২৫ সালের ২৭ জুলাই তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হবে।
বিমান বাহিনীর সাবেক ওই প্রধানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের কাছে। বিভিন্ন ব্যাংক হিসাবে ১৪ কোটি ৮ লাখ টাকার সন্দেহজনক, অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের তথ্য-প্রমাণও রয়েছে।
বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি দুদক বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে। কাতার, কানাডাসহ আরও কয়েকটি দেশে তার নামে-বেনামে সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।
- বিষয় :
- দুদক