প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে দিনভর অস্বস্তি, পদত্যাগের নির্দেশ
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০৩:২০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ০৩:২২
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ‘নিরস্ত্র’ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার দুপুরে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। সরকার ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে।
তবে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন ইশরাক। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা পদত্যাগসংক্রান্ত খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
অবশ্য এর আগে রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের সংবাদ প্রচার করে। কিন্তু প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির পর তারা পদত্যাগের নির্দেশের খবরের পরিবর্তে ইশরাকের বক্তব্য প্রচার করে।
গত শনিবার ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গতকাল দিনভর তা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল। এ নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (স্বাস্থ্যকেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত ১ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন বিএনপিদলীয় সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
প্রধানমন্ত্রীর নির্দেশের খবর জানা গেলেও ইশরাক রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পদত্যাগ করেননি। বরং তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘এ খবর বিভ্রান্তিকর।’
মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগসংক্রান্ত সংবিধানের ৫৮(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগের অনুরোধ করতে পারবেন এবং মন্ত্রী অনুরোধ রাখতে অসমর্থ হলে প্রধানমন্ত্রী তাকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র জানায়, গতকাল দুপুরে প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। এরপর তাকে একটি খসড়া পদত্যাগপত্র সরবরাহ করা হয়।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার একাধিক সদস্য। তবে সূত্র জানায়, বৈঠক শেষে আবারও ইশরাক হোসেনকে ডেকে নেন প্রধানমন্ত্রী। সেখানে কী আলোচনা হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির কাছে সাংবাদিকরা জানতে চান, বৈঠকে প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিষয়গুলো দেখার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। সে হিসেবে এ ঘটনায় আপনার ভূমিকা কী? জবাবে সচিব বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
প্রতিমন্ত্রী ইশরাক গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর আগে এক অডিও বার্তায় বলেন, এ ধরনের সংবাদ কোনো উড়ো খবর হয়ে আসবে না। অবশ্যই আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে বলব এবং আপনারা সেখানে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ‘যে বা যারা এ তথ্য দিয়েছে, তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। আমি সবাইকে অনুরোধ জানাব, দয়া করে এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন। আমি আপনাদের অবশ্যই আমার সমস্ত আপডেট জানিয়ে রাখব।’
একের পর এক বিতর্কে বিএনপিতে অস্বস্তি
বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, প্রকাশ্যে অস্ত্র দেখানোর ঘটনাটি শুধু ইশরাকের ব্যক্তিগত বিষয় হয়ে থাকেনি। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভারও। কারণ, সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ পুরো মন্ত্রিসভাকে বিব্রত করেছে।
বিএনপির সাবেক মন্ত্রী ও মেয়র সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে দলীয় রাজনীতিতে আসা ইশরাক হোসেন নানা সময়ে বিতর্কের জন্ম দেন। ২০১৯ সালের নভেম্বর মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কে মারা যাওয়ার পর ইশরাক হোসেন তার বাবার নির্বাচনী এলাকা ঢাকা-৬ ও রাজধানীর রাজনীতিতে সক্রিয় হন। পরের বছর ৩৩ বছর বয়সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হওয়ার মাধ্যমে বিএনপির তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ওই নির্বাচনে অবশ্য হেরে যান বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজধানীর রাজনীতিতে সামনের সারিতে ছিলেন। ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি শপথ নিতে পারেননি। এ নিয়ে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিরোধে জড়ান ইশরাক। ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রধান ফটকে তালা দিয়ে নগর ভবন অবরোধ করে রাখেন ৪০ দিন। এতে নাগরিক সেবা বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘিরে আন্দোলনও করেন ইশরাক।
আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছি: ইশরাক
গতকাল দিনের বেলায় দেওয়া এক বিবৃতিতে ইশরাক দাবি করেন, একটি অস্থায়ী মাদক আস্তানার কাছে পৌঁছানোর পর ৩০ থেকে ৩৫ ব্যক্তি হইচই করে তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসে। হামলার শঙ্কায় তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র সরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে স্থানীয়ভাবে মাদকের বিস্তার ঠেকাতে আগে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং জনবল সংকট দূর করার বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলেও দাবি তার।
তবে ঘটনাস্থলে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়টি স্পষ্ট নয়। ইশরাক আগে পুলিশের সঙ্গে আলোচনার কথা বললেও গত শনিবার সংবাদমাধ্যমকে তিনি নিজেই বলেছিলেন, ঘটনাস্থলে যাওয়ার ১০ মিনিট পর তিনি পুলিশকে আসতে বলেন।
ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা গত শনিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী আগে থেকে পুলিশকে জানাননি। তারা পরে বিষয়টি জেনেছেন। ফলে সাধারণভাবে মাদকবিরোধী উদ্যোগ নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট এ অভিযান বিষয়ে পুলিশের সঙ্গে আগে থেকে সমন্বয় ছিল কি না–সেই প্রশ্ন রয়ে গেছে।
ইশরাকের ঘটনা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়: জামায়াত
ইশরাক হোসেন মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটেছে। এই স্বল্প সময়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের নামে ইশরাক হোসেন গেণ্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ।’
- বিষয় :
- ইশরাক হোসেন
- প্রধানমন্ত্রী
- বিএনপি