ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব
×
×

কাজী রাকিব হোসাইন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:০৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে, সে অনুযায়ী এ নিয়োগ কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত থাকার পর ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কাজী রাকিব হোসাইনের চলাফেরা ছিল বলে জানিয়েছেন ছাত্রদলের কয়েকজন নেতা। তবে তিনি ছাত্রদলের কোনো পদে ছিলেন না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতা।

জানা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাস বিলুপ্ত থাকার পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন

×