ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:৪৩

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় এ সম্মেলন বসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ইউএনও সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। শিগগির এ বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবছর জেলা প্রশাসকরা সরকারের মন্ত্রী-সচিবদের সামনে মাঠ প্রশাসনের নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একইভাবে যদি ইউএনওরা সরকারের কাছে মাঠ প্রশাসনের সমস্যার কথা তুলে ধরেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটি তুলে ধরেন, সেটা সরকারের জন্য ভালো হবে। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

এর আগে গত ৩ অক্টোবর এক সভায় প্রতিবছর ডিসি সম্মেলনের মতো ইউএনওদের নিয়ে সম্মেলন করার প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর ঢাকায় ডিসি সম্মেলন হচ্ছে। সেখানে ডিসিরা মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের সমস্যা তুলে ধরেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত প্রস্তাব দেন। পরে সরকার সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। সারাদেশে এখন ৫০৩ উপজেলা রয়েছে। তবে ইউএনওদের নিয়ে কখনও সম্মেলন হয়নি। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। আর ডিসিদের অধীনে থেকে ইউএনওরা উপজেলা পর্যায়ে একই কাজ করে থাকেন।

আরও পড়ুন

×