শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ পরামর্শ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২৩:৫৩
শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটি অগ্নিনিরাপত্তা বিধিমালা মেনে চলা এবং আগুন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ফায়ার সার্ভিস সদরদপ্তর।
এতে বলা হয়, ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তা পরিকল্পনা গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-সহ সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুসরণ করে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রান্না শেষে চুলা ও গ্যাসের সংযোগ বন্ধ রাখার পাশাপাশি রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। গ্যাসের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে দিতে হবে। গ্যাস জমে থাকার আশঙ্কা থাকলে আগুন, দিয়াশলাই বা বৈদ্যুতিক সুইচ ব্যবহার করা যাবে না। গ্যাসের চুলা নেভাতে ফুঁ না দিয়ে চুলার নব ভালোভাবে বন্ধ করতে হবে।
ধূমপানের পর বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ সম্পূর্ণ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলতে হবে। শিশুদের আগুন, দিয়াশলাই ও লাইটার নিয়ে খেলতে দেওয়া যাবে না। দাহ্যবস্তু সংরক্ষণের স্থানে খোলা বাতি ও মশার কয়েল ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ভবনের তার, সুইচ, সংযোগ ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করতে হবে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ব্যবহার এবং অতিরিক্ত বৈদ্যুতিক লোড এড়িয়ে চলতে হবে। বাসাবাড়ি, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে। পাশাপাশি এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কে ধারণা নেওয়া এবং নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করা জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন বন্ধ থাকা ফ্ল্যাট, বসতঘর বা প্রতিষ্ঠানে প্রবেশের পর দরজা-জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। গ্যাসের গন্ধ পাওয়া গেলে বা গ্যাস জমে থাকার আশঙ্কা থাকলে বৈদ্যুতিক সুইচ চালু করা কিংবা আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি সহায়তা নিতে হবে। হোটেল ও রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার, চুলা ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া অগ্নিপ্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে নিকটস্থ ফায়ার স্টেশনের যোগাযোগ নম্বর সংরক্ষণ করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- ফায়ার সার্ভিস