ঝালকাঠিতে সাজেদা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু ক্যাম্প
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০০:১৫
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। সোমবার ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ৭৮৭ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এ সময় ৪৯১ জনের প্রেসবায়োপিয়া শনাক্ত করে তাদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
সাজেদা ফাউন্ডেশন, ভিশনস্প্রিং, ঝালকাঠি জেলা প্রশাসন, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল এবং উই ক্যান চেঞ্জের (ডব্লিউসিসি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ক্যাম্পে ৩৬ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এ ছাড়া ১০২ জন অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা এবং ৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ দেওয়ার উদ্যোগও রয়েছে এ কর্মসূচিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশের জন্য আমাদের অবশ্যই চক্ষু সেবাকে প্রাধান্য দিতে হবে। ভালো দৃষ্টিশক্তি শিক্ষার্থীদের পড়ার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। পাশাপাশি এটি আমাদের প্রবীণ প্রজন্মকে সমাজের সক্রিয় ও উৎপাদনশীল সদস্য হিসেবে বজায় রাখতে সহায়তা করে।
তিনি সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে সবার দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে প্রায় ১৪ লাখ মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, যা সহজলভ্য চক্ষু সেবার গুরুত্ব তুলে ধরে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রেসবায়োপিয়া শনাক্তকরণ ও চশমা পৌঁছে দিতে সাজেদা ফাউন্ডেশন অংশীদারদের সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, চক্ষু সেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার (পিএইচসি) অন্তর্ভুক্ত করা এবং এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জীবিকার সুযোগ বাড়ানো সম্ভব।
সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিংয়ের যৌথ উদ্যোগ ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস’ কর্মসূচির অংশ হিসেবে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ২০২৩ সাল থেকে চলমান এ কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী ও টেকসই চক্ষু সেবা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে শ্রমিক, কারিগর, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দৃষ্টিশক্তি উন্নয়নের পাশাপাশি তাদের কর্মদক্ষতা, আয় ও জীবনমান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
কর্মসূচির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৩৫ বছরের বেশি বয়সী প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ছয়জন প্রেসবায়োপিয়ায় ভুগছেন। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যার প্রাদুর্ভাব বেশি। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ৩ থেকে ১৩ শতাংশ চশমা ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে, চশমা ব্যবহারের ফলে একজন ব্যক্তির আয় ৩২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
- বিষয় :
- ঝালকাঠি
- চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা