ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
×
×

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:১৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৪১

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টার দিকে মন্দিরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুণ্ড, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

মন্দিরে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যরা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। 

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

আরও পড়ুন

×