যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব
ছবি-সমকাল
কামরুল হাসান, টোকিও থেকে ও সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:৫৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৮:৩৬
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্লাইটের। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়। জাপান সময় রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এ অবস্থায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ করছে।
প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।
বিমানের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উড়োজাহাজের নিরাপদ পরিচালনার জন্য এ ব্যবস্থার ত্রুটি শনাক্ত হলে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ সমকালকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কাজ এখনও চলছে। মেরামত শেষ হলে ফ্লাইটটি দ্রুত ছেড়ে আসবে।