এনসিটিবির উপসচিব-সদস্যসহ আরও ৪ কর্মকর্তাকে বদলি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২১:৪৮
পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি রাখার ঘটনার জেরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন সদস্য ও দুইজন ঊর্ধ্বতন বিশেষজ্ঞ। পাশাপাশি প্রতিষ্ঠানটির উপসচিবকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এনসিটিবি সূত্র।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি হওয়া চার কর্মকর্তা হলেন- এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মো. আব্দুল মুমিন মোছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। আরেক ঊধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে পাঠানো হয়েছে। পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে এনসিটিবি থেকে সরিয়ে পঞ্চগড় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এনসিটিবির উপসচিব (সহযোগী অধ্যাপক) সিরাজুল ইসলামকে সরিয়ে খুলনার ব্রজলাল (বিএল) সরকারি কলেজে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১ নভেম্বরের মধ্যে অধ্যাপক ইকবাল হায়দারকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখে অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চলতি বছরের বইগুলো বিশ্লেষণ করে দেখা যায়, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বইয়ে সব মিলিয়ে মোট ৩৫টি পৃষ্ঠায় ৮৮টিরও বেশি নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির বাংলা বইয়ের ১০টি পৃষ্ঠায় মোট ৩২টি নৌকার ছবি রয়েছে।
দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের ৮টি পৃষ্ঠায় রয়েছে ২৩টি ছবি। আর তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের ৯টি পৃষ্ঠায় ২৫টি নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া চতুর্থ শ্রেণির তিনটি পৃষ্ঠায় একটি করে এবং পঞ্চম শ্রেণির পাঁচটি পৃষ্ঠায় ৫টি নৌকার ছবি পাওয়া গেছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনা ঘটে। এ নিয়ে বিপাকে পড়েছে শিক্ষা প্রশাসন।
এর আগে, গত ২৬ অক্টোবর পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি রাখার ঘটনায় মোট ১০ জনকে বদলি করা হয়।
- বিষয় :
- এনসিটিবি