সমাবেশে সাইফুল হক
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে
সাইফুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৯:৪৭
| প্রিন্ট সংস্করণ
সৌদি আরবে বিচারের নামে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারকে এ বিষয়ে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাইফুল হক বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের জবাবদিহিতা দেশের জনগণ ও ভোটারের কাছে, কোনো পরাশক্তি বা রাজতন্ত্রের কাছে নয়। প্রবাসী শ্রমিকদের জীবন ও নিরাপত্তার প্রশ্নে সরকারকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। স্পষ্ট অবস্থান নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন। সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে এবং প্রবাসী শ্রমিক হত্যা বন্ধ, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রবাসী নারী শ্রমিকদের ওপর যৌন নিপীড়ন বন্ধের দাবিতে এই সমাবেশ হয়।
সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। যেসব দেশ শ্রমিকদের ন্যূনতম মানবিক ও শ্রম অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, সেসব দেশে শ্রমিক পাঠানোর বিষয়ে প্রয়োজনে সাময়িক নিষেধাজ্ঞা দিতে হবে।
প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন এবং নারী শ্রমিকদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ভয়াবহতার কথা তুলে ধরেন সাইফুল হক। তিনি বলেন, নির্বাচিত সরকারের আমলে বিদেশে মানুষ পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বা বাণিজ্য আমরা দেখতে চাই না। রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে স্বচ্ছতার ভিত্তিতে আলোচনা করে বিদেশে কর্মী পাঠানোর প্রকৃত ব্যয় নির্ধারণ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। প্রবাসী শ্রমিকদের জীবন-মৃত্যুর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর নীরবতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, রাশিদা আক্তার, আনিসুর রহমান মাস্টার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
- বিষয় :
- প্রবাসী